[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে নির্জন স্থানে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুর জেলার মানচিত্র

মাদারীপুরে একটি নির্জন স্থানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন গুরুতর আহত হয়েছেন। রোববার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের লটপাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত এক ব্যক্তির স্বজনের দাবি, নির্জন স্থানে বসে হাতবোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। আহতরা সবাই বোমা তৈরির কারিগর ছিলেন।

আহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের চাহিদুল শরীফ (৩০), সালাউদ্দিন মল্লিক (২৫) ও রাজন হাওলাদার (২৭)। তাঁদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিব হাওলাদার ও ইদ্রিস হাওলাদারের সঙ্গে শামচু সরদারের আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফের সংঘর্ষের প্রস্তুতি হিসেবে ইদ্রিস হাওলাদারের পক্ষের লোকজন বড়মেহের লটপাড় এলাকার একটি নির্জন স্থানে বসে হাতবোমা তৈরি করছিল। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয় এবং সেখানে থাকা চারজন কারিগর গুরুতর আহত হন।

আহত চাহিদুল শরীফের ছোট ভাই রেদোয়ান শরীফ বলেন, ‘আমার ভাইকে বোমা তৈরির জন্য বাসা থেকে ডেকে নেওয়া হয়েছিল। বিস্ফোরণে আহত হওয়ার পর তাঁদের ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আহত সবাই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

এ বিষয়ে জানতে চাইলে ইদ্রিস হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার এলাকায় এমন কোনো বিস্ফোরণ ঘটেনি। যাঁরা আহত হয়েছেন, তাঁরাও আমার লোক নন। একটি কুচক্রী মহল আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়ার ভয়ে আহত ব্যক্তিরা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হননি। তাঁরা সরাসরি ফরিদপুর বা ঢাকায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন