নেত্রকোনায় মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
![]() |
| নেত্রকোনায় অবৈধভাবে মজুত করা ৮০০ লিটার পেট্রল জব্দ। শুক্রবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব তেল লাইসেন্স ছাড়াই বেশি দামে খুচরা বিক্রি করার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান চালিয়ে অবৈধ তেল জব্দ করেন এবং জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান। তিনি রামপুর বাজারের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এ অবস্থায় রামপুর বাজারে ব্যবসায়ী এনায়েতুর রহমান অবৈধভাবে পেট্রল মজুত করে লাইসেন্স ছাড়া বেশি দামে খুচরা বিক্রি করছিলেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তাঁর গুদামে ড্রামে করে রাখা ৮০০ লিটার অবৈধ পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা—মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দ করা পেট্রল শনিবার সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত দামে এবং নির্ধারিত পরিমাণ অনুযায়ী সবার সামনে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। এ বিষয়ে কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান চলবে।

Comments
Comments