পোলো শার্ট-প্যান্ট পরে খাল খননে তারেক
![]() |
| দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় আজ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন। কোদাল দিয়ে মাটি কেটে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ রোপণ করেন।
ধূসর রঙের পোলো শার্ট, নীল জিন্স প্যান্ট আর মাথায় লাল-সবুজ ক্যাপ পরেন তিনি।
সাহাপাড়া খাল পুনরায় খননের এই উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী ‘নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনরায় খনন’ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনরায় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রথম ধাপে দেশের ৫৩টি জেলায় এই কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা, সেচ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রধানমন্ত্রী তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এই কর্মসূচি শুরু করেছেন। জিয়াউর রহমান তাঁর শাসনামলে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সেই কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন; পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব; এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী বিমানে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানস্থলে গিয়ে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

Comments
Comments