[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোটের ফল নিয়ে আইনি লড়াই, চার বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশঃ
অ+ অ-
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করেন গয়গাম আলী। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

ভোটের ফলাফল নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। আদালতের নির্দেশে রোববার দুপুরে জেলা প্রশাসক ইশরাত ফারজানা তাঁকে শপথবাক্য পাঠ করান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর নারগুন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে সেরেকুল ইসলাম (নৌকা) ও পয়গাম আলী (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা সেরেকুল ইসলামকে ১৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। এই ফলাফল নিয়ে আপত্তি তুলে পয়গাম আলী ২০২২ সালের ২৩ জানুয়ারি ঠাকুরগাঁও জেলা নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর আদালতের বিচারক সুব্রত ভৌমিক ভোট পুনর্গণনার আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৭ নভেম্বর দুই পক্ষের উপস্থিতিতে প্রকাশ্য আদালতে ভোট গণনা করা হয়। পুনর্গণনায় দেখা যায়, পয়গাম আলী ১০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আদালতের এই রায়ের পর নির্বাচন কমিশন পয়গাম আলীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে শপথ পড়ানো হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পয়গাম আলীকে শপথ পড়ানো হয়েছে এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

শপথ নেওয়ার পর পয়গাম আলী বলেন, ‘২০২১ সালের নির্বাচনে আমিই প্রকৃত বিজয়ী ছিলাম। অনৈতিকভাবে আমাকে পরাজিত দেখানো হয়েছিল। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এখন এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন