পীরগাছায় শেখ মুজিবের ভাষণ প্রচার, মুচলেকায় ছাড়া পেলেন এক যুবক
![]() |
| রংপুর জেলার মানচিত্র |
রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানোকে কেন্দ্র করে এক যুবককে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে দেখা গেছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। এরপর মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জেএন) সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম উদয় সরকার (৩৬)। তিনি পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) গ্রামের মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেএন সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজসহ দিনব্যাপী স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির আয়োজন করে পীরগাছা উপজেলা প্রশাসন। সকাল সাড়ে সাতটার দিকে অনুষ্ঠানস্থলের মাইকে হঠাৎ শেখ মুজিবের ভাষণ বেজে ওঠে। তখন উপস্থিত লোকজন মাইকে ভাষণ বাজানোর অভিযোগে উদয় সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সেখানে থাকা পুলিশ সদস্যরা তাঁকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে মাইকে ভাষণ বাজছিল। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। ওই যুবককে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে দেখা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ। পরে মুচলেকা নিয়ে তাঁকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।’
উদয় সরকারের বড় ভাই মনোরঞ্জন সরকার মুঠোফোনে বলেন, তাঁর ভাই ক্যানসারে আক্রান্ত। কিছুদিন আগে কেমোথেরাপি নিয়েছেন। বাড়িতে সব সময় অসংলগ্ন কথা বলেন। তাঁরা পুলিশকে উদয় সরকারের চিকিৎসার কাগজপত্র দেখিয়েছেন। পুলিশও অনেকক্ষণ তাঁর সঙ্গে কথা বলে মানসিক ভারসাম্যহীনতার বিষয়টি বুঝতে পেরেছে। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করে উদয় সরকারকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।

Comments
Comments