ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
![]() |
| জনতা ব্যাংক ভৈরব শাখার কর্মকর্তা আলমগীর হোসেন | ছবি: সংগৃহীত |
কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়ার চার দিন পর জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় বিসিক শিল্পনগরীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কর্মকর্তার নাম মো. আলমগীর হোসেন। তিনি জনতা ব্যাংকের ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকাল সাড়ে আটটার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে ব্যাংক থেকে জানানো হয় যে তিনি সেদিন অফিসে যাননি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। ওই দিনই আলমগীরের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে স্থানীয় লোকজন বিসিক শিল্পনগরী এলাকায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
আলমগীরের স্ত্রী তাছলিমা আক্তার বলেন, ‘আমার স্বামীর সঙ্গে আমার দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। কিছুদিন আগে তিনি আমাকে বলেছিলেন যে তিনি লাপাত্তা হয়ে যাবেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বুঝতে পারছি না।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, মরদেহের পাশে একটি বোতল পাওয়া গেছে, যা বিষের বোতল বলে ধারণা করা হচ্ছে। তাঁর এক পায়ে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ দেখে মনে হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Comments
Comments