বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
| প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি |
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ সাশ্রয় করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক বাতি বন্ধ রাখেন এবং শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করে দেন।
একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। এসেই তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ বাতির সুইচ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসেন। এসির তাপমাত্রা এই পর্যায়ে থাকলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তা–ই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করে সেখানেও একইভাবে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন বিভাগ রয়েছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারা দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে তিনি দিনের বেলা অফিস বা বাড়িঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্যও সবাইকে পরামর্শ দেন।
Comments
Comments