সুন্দরবন থেকে লোকালয়ে আসা অজগর আস্ত ছাগল গিলে খেল
![]() |
| অজগরের ছাগল গিলে খাওয়ার খবরে অনেক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে | ছবি: স্থানীয় বাসিন্দাদের থেকে সংগৃহীত |
সুন্দরবন-সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি গ্রামে গৃহপালিত একটি ছাগল আস্ত গিলে ফেলেছে একটি অজগর। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চর থেকে অজগরটিকে উদ্ধার করেছে বন বিভাগ।
সরু হয়ে আসা ভোলা নদীর পশ্চিম পাড়ে সুন্দরবন আর পূর্ব পাড়ে রসুলপুর গ্রাম। ওই গ্রামের সোহরাব ফরাজীর একটি ছাগল অন্যদিনের মতো সকালে ঘাস খেতে ভোলা নদীর চরে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন মালিক। একপর্যায়ে পাশের ঝোপঝাড়ের মাঝে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান স্থানীয়রা। অজগরটির পেট অস্বাভাবিক ফোলা ছিল। তা দেখেই সবাই ধারণা করছেন, অজগরটি ছাগলটিকে গিলে খেয়েছে। ভারী পেট নিয়ে অজগরটি নড়াচড়াও করতে পারছিল না।
খবর পেয়ে বন সুরক্ষা দলের (সিপিজি) সদস্যরা সেখানে যান। খবর দেওয়া হয় বন বিভাগকে। বন বিভাগ জানায়, অজগরটি লম্বায় প্রায় ১৫ ফুট এবং ওজন প্রায় ৩৫ কেজি।
বন সুরক্ষা দলের সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। অজগরটি দেখতে আশপাশে শত শত মানুষ ভিড় করেন।
ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, ‘সুন্দরবন থেকে আসা অজগরটি আমার ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে আমার খুবই ক্ষতি হলো।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে অজগরটি উদ্ধারের পর সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

Comments
Comments