[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ওএমএস কার্ডে বিএনপির লোকজনকে অগ্রাধিকার দিতে হবে: ভাইরাল ভিডিওতে বরগুনার নেতা

প্রকাশঃ
অ+ অ-
ওএমএস ডিলারদের সঙ্গে আলোচনাসভায় বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির (আকাশি রঙের জামা) | ছবি: ভিডিও ফুটেজ থেকে নেওয়া

খোলাবাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) সুবিধাভোগীদের তালিকায় বিএনপির নেতা-কর্মীদের প্রাধান্য দিতে পরিবেশকদের (ডিলার) নির্দেশনা দিয়েছেন বরগুনার আমতলী উপজেলা বিএনপির এক নেতা। তাঁর দাবি, গত ১৫ বছর বিএনপির লোকজন খেতে পারেনি। একই সঙ্গে আগের সুবিধাভোগীদের কাছ থেকে ২ হাজার টাকা করে নেওয়ার পরামর্শও দিতে শোনা গেছে তাঁকে। এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নেতার নাম জালাল উদ্দিন ফকির। তিনি আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে নতুন ওএমএস ডিলারদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

ভিডিওতে জালাল উদ্দিনকে বলতে শোনা যায়, অনেক আওয়ামী লীগ ঘরানার ডিলারকে বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ডিলারদের উদ্দেশে বলেন, ‘বিএনপি ১৫ বছরে খাইতে পারে নাই। যারা খাইতে পারে নাই হেগো নাম দিয়েন। আর যারা খাইছে হেগো কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে দিয়েন।’ এ সময় তিনি ডিলারদের ‘কম চুরি’ করার এবং ‘কম খাওয়ার’ পরামর্শও দেন।

তবে এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন জালাল উদ্দিন ফকির। তিনি দাবি করেছেন, ভিডিওটি আসল নয় এবং প্রযুক্তির মাধ্যমে এটি বানানো হয়েছে। কোনো ডিলারের সঙ্গে তাঁর এমন কথা হয়নি বলেও তিনি জানান।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বলেন, ভিডিওটি তাঁদের নজরে এসেছে। তবে বর্তমানে জালাল উদ্দিনের দলে কোনো কার্যকর পদ-পদবি নেই। তাঁর বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জালাল উদ্দিনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অডিও ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। তবে গত বছর তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে প্রাথমিক সদস্যপদ ফেরত দিয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন