যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি পর্যালোচনা করবে জামায়াত
![]() |
| ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে জামায়াত নেতারা। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: বিজ্ঞপ্তি |
অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্যচুক্তিগুলো পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব চুক্তির ইতিবাচক দিকগুলো তারা গ্রহণ করবে এবং বাকিগুলো বর্জন করা হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে সকাল ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাসায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, "অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। জামায়াত এসব চুক্তি পর্যালোচনা করবে। দেশের জন্য যা ইতিবাচক, সেগুলো রাখা হবে এবং নেতিবাচক বিষয়গুলো বাদ দেওয়া হবে।"
বৈঠকে জামায়াতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। দলটি বলেছে, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সহায়ক।
জামায়াত নেতা তাহের আরও জানান, সংসদে সরকার ও বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রতিনিধি দল জানতে চেয়েছেন। এ বিষয়ে জামায়াত জানিয়েছে, তারা সংসদে গতিশীল ভূমিকা রাখতে চায় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক সব ক্ষেত্রে সরকারকে সহায়তা করবে। এছাড়া সংসদীয় বিরোধী দল বা জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি আলোচনায় এলে জামায়াত একে ইতিবাচক হিসেবে দেখছে বলে জানায়।
আলোচনায় জামায়াতের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা মীর আহমেদ বিন কাসেম।

Comments
Comments