জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
![]() |
| ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী | ছবি: পদ্মা ট্রিবিউন |
চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে খরচ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপনে দেশে প্রথাগতভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে। এবার তা বন্ধ থাকবে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপিটুনি (মব) ও তাৎক্ষণিক অপরাধ (স্পট ক্রাইম) আলাদা বিষয়। সবকিছুর সঙ্গে গণপিটুনিকে মিলিয়ে ফেলা যাবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, নরসিংদীতে একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হলো। তদন্তে জানা গেল, ওই হত্যাকাণ্ডের সঙ্গে মেয়েটির সৎবাবা জড়িত। তবে প্রাথমিকভাবে সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছুকে গণপিটুনির সঙ্গে তুলনা করা ঠিক হবে না। দেশে এই গণপিটুনি সংস্কৃতি বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিজিএমইএসহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা ঈদের আগে শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করবেন। তাই এবার ঈদে মানুষ শান্তিতে বাড়ি ফিরতে পারবে।
মন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনে যাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা মাঝেমধ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে। তবে তাদের কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায় না। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে।’

Comments
Comments