জাতিসংঘের অবিচল সমর্থন পাবে বাংলাদেশ: মহাসচিব গুতেরেস
| বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় |
বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি আবারও জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতির কথা জানান বলে এক তথ্যবিবরণীতে বলা হয়েছে।
বৈঠকে নবগঠিত বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ধারাবাহিক মানবিক ভূমিকা ও উদারতার প্রশংসা করেন তিনি।
সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেলসংকটের প্রেক্ষাপটে উন্নয়নশীল ও ঝুঁকিতে থাকা দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। দরিদ্র দেশগুলোর ওপর এর অসম ও বৈষম্যমূলক প্রভাবও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আন্তোনিও গুতেরেস আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার আবারও জানান।
Comments
Comments