[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদেশে বসে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন হাসিনা: মির্জা ফখরুল

প্রকাশঃ
অ+ অ-
আন্তর্জাতিক নারী দিবসে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে, ৮ মার্চ ২০২৬ | ছবি: পদ্মা ট্রিবিউন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ওই ফ্যাসিস্ট মহিলা এখনো বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এটি একটি ক্রিমিনাল অফেন্স এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।’

গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেন, ‘গুম হওয়া পরিবারগুলো ও তাঁদের সন্তানদের জীবনযাপনের জন্য এখনো কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব যেন এই পরিবারগুলোকে দ্রুত সরকারি ভাতার আওতায় আনা হয়।’

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুমের শিকার ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের অবদান সবচেয়ে বেশি। বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘যে অত্যাচার আমাদের ওপর হয়েছে, তা আমরা আর কারও ওপর হতে দেব না।’

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে গুম হওয়া বিএনপি নেতা সুমনের মা ও সংগঠনের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন তাঁর সন্তানসহ সবার ফেরার আকুতি জানান। গুম হওয়া বিএনপি নেতা খালেদ হাসান সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা বলেন, ‘১৩ বছর ধরে যন্ত্রণা সইছি। ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকারের কাছে গেলেও গুম কমিশন নিখোঁজদের নিয়ে কিছু বলেনি। আমরা এখন জড়িতদের বিচার চাই।’

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা অনুষ্ঠানে বক্তব্য দেন। প্রামাণ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু তুলে ধরেন প্রযোজক লাবিব নাজমুস সাকিব।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন