ভোটের সময় নয়, ফল ঘোষণার আগেই ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, ভোট গ্রহণ চলাকালে বড় কোনো অনিয়ম না থাকলেও ফলাফল প্রস্তুত ও প্রচারের সময় ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।
সোমবার বিকেলে খুলনা নগরের একটি হোটেলে জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভোটের দিন পরিবেশ উৎসবমুখর ছিল এবং মানুষ বাধাহীনভাবে ভোট দিয়েছে। কিন্তু ফলাফল ঘোষণার আগে যে রহস্যময় বিরতি তৈরি হলো, সেটিই বড় প্রশ্ন।’ তিনি দাবি করেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন আসনে জামায়াত জোটের প্রার্থীরা এগিয়ে থাকার খবর আসছিল। কিন্তু হঠাৎ করেই ফলাফল প্রচার বন্ধ হয়ে যায়। তাঁর মতে, এই সময়ে কী ঘটেছে, তার স্পষ্ট জবাব সরকার বা নির্বাচন কমিশন কেউই দিতে পারেনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, অল্প ভোটের ব্যবধানে থাকা বেশ কয়েকটি আসনে ওপর থেকে সিদ্ধান্ত নিয়ে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে আদালত ও নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে এবং কয়েকটি আসনে মামলাও করা হয়েছে।
নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন ছিল উল্লেখ করে তিনি বলেন, অনেক সাধারণ মানুষ যারা কখনো জামায়াত করেননি, তাঁরাও এবার স্বতঃস্ফূর্তভাবে এই প্রতীকের পক্ষে কাজ করেছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সংস্কারের অঙ্গীকারগুলো বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁর দল সরকারকে ভালো কাজে সহযোগিতা করবে। পাশাপাশি কোনো অন্যায় দেখলে সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই প্রতিবাদ জানাবে।
অনুষ্ঠানে খুলনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যে কারচুপি করে জামায়াতকে হারিয়ে দেওয়া হয়েছে, তা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যেও স্পষ্ট হয়েছে।
খুলনা জেলা জামায়াতের আমির এমরান হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাস্টার শফিকুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Comments
Comments