গাজীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ৩ জন দগ্ধ
![]() |
| গাজীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক রূপান্তরক (ট্রান্সফরমার) বিস্ফোরণ থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। আসন্ন ঈদ সামনে রেখে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ের মধ্যে এই অগ্নিকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দগ্ধ ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও মো. ইয়াসিন (৩৭)। তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁদের ঢাকার জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মাওনা চৌরাস্তা এলাকার একটি বাণিজ্যিক ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির রূপান্তরকটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই ভবনে ব্যাংকসহ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনের ফুলকি চারদিকে ছিটকে পড়ে এবং ভবনের একাংশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের শিখা দেখে আতঙ্কিত মানুষ হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরও কয়েকজন সামান্য আহত হন। এ ঘটনার জেরে মাওনা-শ্রীপুর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. ওয়াসিম বলেন, স্থানীয় ব্যবসায়ীদের তাৎক্ষণিক সচেতনতা ও সাহসী ভূমিকার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশের বিপণিবিতানগুলোর ব্যবসায়ীরা তাঁদের দোকানে থাকা নিজস্ব অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাঁরা সম্মিলিতভাবে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন। পরে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বাসিন্দা ইমরান হাসান বলেন, আগুন লাগার পর সেখানে প্রচুর উৎসুক মানুষের ভিড় জমে যায়, যার ফলে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে সমস্যা হচ্ছিল। পরে স্থানীয় লোকজনই ভিড় সরিয়ে গাড়ি আসার ব্যবস্থা করে দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নূরুল করিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

Comments
Comments