রাঙামাটিতে তেল কিনতে গিয়ে মারামারি, পাম্পে জ্বালানি সংকট
![]() |
| রাঙামাটিতে বোতল হাতে ডিজেল কিনতে আসা গ্রাহকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। গতকাল বিকেলে জেলার রাজবাড়ী ফিলিং স্টেশনে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
রাঙামাটি শহরের একটি জ্বালানি তেল বিক্রয় কেন্দ্রে ডিজেল কিনতে গিয়ে দুই ক্রেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেলে শহরের রাজবাড়ী এলাকার মেসার্স এম এম পেট্রোলিয়াম এজেন্সিতে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই মারামারির ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, বোতল হাতে ডিজেল নিতে আসা ৫-৬ জন ক্রেতার মধ্যে কথা-কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে তারা হাতাহাতি ও কিলঘুষিতে জড়িয়ে পড়েন। এতে উপস্থিত অন্য ক্রেতাদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে গত সোম ও মঙ্গলবার জ্বালানি ছিল না। গতকাল বুধবার তেল আসার পর বিক্রি শুরু হলে গ্রাহকদের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শী তপন দেওয়ান জানান, লাইনে দাঁড়ানো নিয়ে ঝগড়ার একপর্যায়ে মারামারি শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফিলিং স্টেশনের কর্মচারী রিপন চাকমা বলেন, দুই দিন পর সাড়ে চার হাজার লিটার অকটেন ও চার হাজার লিটার ডিজেল এসেছিল। গ্রাহকদের প্রচুর ভিড় ছিল। গতকাল রাত ১১টা পর্যন্ত বিক্রি করার পর এখন আর কোনো তেল অবশিষ্ট নেই।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তবে এতে কেউ আহত হননি।
রাঙামাটি শহরে মোট চারটি ফিলিং স্টেশন রয়েছে। আজ দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, কোনোটিতেই তেল বিক্রি হচ্ছে না। জ্বালানি সংকটের কারণে মোটরসাইকেল ও নৌযানের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শহরের বনরূপা হিলভিউ ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম বলেন, গতকাল যে পরিমাণ তেল এসেছিল তা কয়েক ঘণ্টাতেই শেষ হয়ে গেছে। আজ আবার চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি আরও বলেন, ইরানে যুদ্ধ পরিস্থিতির খবরে মানুষ আতঙ্কিত হয়ে বেশি করে তেল কিনছেন বা মজুত করছেন, যে কারণে চাহিদা অস্বাভাবিক বেড়ে গেছে।
তবে প্রশাসনের দাবি, রাঙামাটিতে জ্বালানির কোনো সংকট নেই। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, ব্যবহারের মতো পর্যাপ্ত তেল আছে। তবে চাহিদা অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অনেকে তেল পাচ্ছেন না।

Comments
Comments