লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
![]() |
| উড়োজাহাজ চলাচলে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলে | ছবি: সংগৃহীত |
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ১৭ টাকা ২৯ পয়সা বেড়েছে। দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য এ মাসে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এই দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে শূন্য দশমিক ৭৩৮৪ ডলার করা হয়েছে। নতুন এই দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের নিয়ম অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের দায়িত্ব বিইআরসির ওপর দেওয়া হয়।
সেই প্রজ্ঞাপনের পর গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঠিক করতে গণশুনানি করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

Comments
Comments