[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খায়রুল হককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

প্রকাশঃ
অ+ অ-
গ্রেপ্তারের পর আদালতে বিচারপতি এ বি এম খায়রুল হক | ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

সোমবার যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান এই আবেদন করেন। বিষয়টি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর বউবাজার রোডে ছাত্র-জনতার ওপর নির্বিচার গুলি চালান আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মো. আরিফের চোখের নিচে গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা হয়। মামলার ঘটনার সঙ্গে খায়রুল হকের জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই পুলিশ এ মামলায় তাঁর গ্রেপ্তার দেখানোর প্রয়োজন মনে করছে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় এক বছর পর, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

রায় জালিয়াতির অভিযোগসহ চারটি পৃথক মামলায় ৮ মার্চ হাইকোর্ট খায়রুল হককে জামিন দেন। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ১১ মার্চ তাঁকে হাইকোর্ট জামিন দেন। পরে তাঁর আইনজীবী মোনায়েম নবী শাহীন জানিয়েছেন, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। সব কটিতে তিনি জামিন পেয়েছেন, তাই তাঁর কারামুক্তিতে আইনগত বাধা নেই।

এবার পুলিশ খায়রুল হককে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন