স্পিকার-ডেপুটি স্পিকার পদে প্রার্থীদের নাম গোপন রাখল বিএনপি
![]() |
| জাতীয় সংসদ ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন |
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন অধ্যক্ষ (স্পিকার) ও উপাধ্যক্ষ (ডেপুটি স্পিকার) কে হচ্ছেন, তা শেষ সময় পর্যন্ত গোপন রেখেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদের অধিবেশন বসছে। শেষ মুহূর্তে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে কয়েকজনের নাম আলোচনায় রয়েছে।
অধ্যক্ষ পদে আবদুল মঈন খান ও হাফিজউদ্দিন আহমদের নাম নিয়ে জোরালো আলোচনা রয়েছে। দুজনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। এর মধ্যে সাতবারের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমদ তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঈন খান এখন পর্যন্ত সরকারের কোনো দায়িত্ব পাননি। এর বাইরে বুধবার হঠাৎ সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও নানাভাবে আলোচনায় আসে।
উপাধ্যক্ষ পদটি বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সেই প্রস্তাব বিরোধী দল গ্রহণ করবে কি না, তা বুধবার পর্যন্ত পরিষ্কার করেনি তারা। ফলে উপাধ্যক্ষ পদের বিষয়েও বিএনপি প্রস্তুতি নিয়ে রাখছে। বিরোধী দল এই পদ না নিলে সেখানে কে আসছেন, তা নিয়ে কয়েকটি নাম আলোচনায় আছে।
যদিও বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
সভা শেষে জাতীয় সংসদের আইন প্রণেতাদের ভবনে সংবাদ সম্মেলনে সংসদের নতুন প্রধান সচেতক নূরুল ইসলাম (মনি) এ তথ্য জানান। তিনি বলেন, ‘অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। বৃহস্পতিবার আমরা তা জানতে পারব।’
জাতীয় সংসদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বিএনপির প্রার্থী হিসেবে কিছুদিন ধরে বেশ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। এর আগে সংসদের প্রধান সচেতকসহ সচেতক নিয়োগের ক্ষেত্রেও বেশ গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন, সেটিও প্রকাশ করেনি বিএনপি। তবে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করতে পারেন—এমন আলোচনা রয়েছে।
অবশ্য বুধবার প্রধান সচেতক বলেছেন, বৃহস্পতিবার অধ্যক্ষের আসন খালি রেখে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। পবিত্র কোরআন তিলাওয়াত শেষে সংসদ নেতা সভায় সভাপতিত্ব করার জন্য একজন জ্যেষ্ঠ নেতার নাম প্রস্তাব করবেন। অন্য একজন সংসদ সদস্য তা সমর্থন করবেন। এরপর মনোনীত সেই সদস্য সভাপতিত্ব করবেন।
এক প্রশ্নের জবাবে প্রধান সচেতক বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে বিরোধী দলকে উপাধ্যক্ষ পদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো ‘ইতিবাচক সাড়া’ পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় দলের চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী এবং সংসদ সদস্যদের কথাবার্তায় সংযত থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
বিএনপির চেয়ারম্যানের একজন উপদেষ্টার একটি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তারেক রহমান বলেন, দলের দায়িত্বশীল নেতারা এমন কথা বলেন, যাতে দল বিব্রত হয়। ক্ষমতায় কে কত দিন থাকবে, তা জনগণ নির্ধারণ করবে। মানুষ এ ধরনের কথা পছন্দ করে না এবং গ্রহণও করে না।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বক্তব্য দিতে গিয়ে মন্তব্য করেন, শুধু ২০৩১ সাল নয়; ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী এবং দলের সংসদ সদস্যদের চলন ও বলনে মার্জিত এবং সতর্ক থাকার পরামর্শ দেন। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যাঁর যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন—এ বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেওয়া জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় বিষয়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেন।
সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ‘পরিবার কার্ড’ কর্মসূচির প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের পরিবার কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।’
প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে পরিবার কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। ডেঙ্গুর মৌসুম সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘ভিন্নমত’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, সরকার ততটুকুই বাস্তবায়ন করবে।
সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা আছেন। বিশেষ করে তরুণদের সকাল নয়টার মধ্যে অফিসে যেতে হবে। অফিসে যাওয়া-আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নিজেও ট্রাফিক আইন মেনে চলেন বলে সভায় উল্লেখ করেন।
এ ছাড়া দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।
বুধবার বেলা সোয়া ১১টায় সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয় এবং শেষ হয় বেলা ১টায়। সভায় সংসদের প্রধান সচেতক নূরুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভামঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং অন্য পাশে প্রধান সচেতক নূরুল ইসলাম বসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরুর পর দুই দিন (শুক্রবার ও শনিবার) বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ বসবে। ওই দিন মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের শেষে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে।

Comments
Comments