[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়, বগুড়ার সাবেক ওসি আলমগীর কারাগারে

প্রকাশঃ
অ+ অ-
ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে বগুড়ার শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে | ছবি: পদ্মা ট্রিবিউন

বগুড়া জেলা বিএনপির এক নেতাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শাজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু হেনা সিদ্দিকী এই নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর করা একটি চাঁদাবাজির মামলায় সোমবার সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন আলমগীর হোসেন। আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর আলমগীর হোসেনকে পুলিশ বিভাগ থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বগুড়া আদালত পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের সমন অনুযায়ী আলমগীর হোসেন আজ হাজিরা দিতে এসেছিলেন। জামিন নামঞ্জুর হওয়ার পর তাঁকে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালে শাজাহানপুর উপজেলা বিএনপির তৎকালীন যুগ্ম আহ্বায়ক ফজলুল হক উজ্জ্বলের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন তৎকালীন ওসি আলমগীর হোসেন। ফজলুল হকের নামে কোনো মামলা না থাকলেও তাঁকে থানায় ধরে নিয়ে ক্রসফায়ার ও অস্ত্র মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। একপর্যায়ে তিন লাখ টাকায় রফা হলেও টাকা বুঝে নিয়ে তাঁকে একটি পুরোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করে দেওয়া হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি ফজলুল হক বাদী হয়ে আদালতে এই চাঁদাবাজির মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে আলমগীরের বিরুদ্ধে সমন জারি করা হয়।

ভুক্তভোগী ফজলুল হক জানান, গণ-অভ্যুত্থানের পর আত্মসাৎ করা তিন লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলে আলমগীর হোসেন নানাভাবে টালবাহানা করছিলেন। শেষ পর্যন্ত টাকা ফেরত না পাওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন