ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ
![]() |
| ঝিনাইদহ মহেশপুর উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়। আজ শনিবার সকালে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব পুড়ে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতা-কর্মীদের দাবি, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির ওই কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুনে অফিসের সব আসবাবপত্র পুড়ে যায়। এ সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শব্দ শুনে স্থানীয় কয়েকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মহেশপুর উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জানান, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিতর্ক তৈরি হয়। বিষয়টি ওই দিনই সমাধান করা হয়েছিল। তবে সেই ঘটনার জেরে বিএনপি কার্যালয়ে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ কার্যালয়টি পরিদর্শনে যায়। বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আগুনে আসবাবপত্র পুড়ে গেছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments