[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে বিয়ের দাওয়াতে সংঘর্ষ, ফাটানো হলো অর্ধশত ককটেল

প্রকাশঃ
অ+ অ-
এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আজ সোমবার | ছবি: পদ্মা ট্রিবিউন

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের থানতলী এলাকায় প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

সোমবার ভোররাতে একই স্থানে আবারও সংঘর্ষ হয়। এ সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয় এবং ৫ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালিপ্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মিটিয়ে দেন।

তবে ওই ঘটনার জেরে সন্ধ্যার পর থেকেই আকিব ও মঈন গ্রুপের লোকজন দেশি অস্ত্র নিয়ে মহড়া দিতে থাকে এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষ নিজেদের আধিপত্য দেখাতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। রোববার রাত সাড়ে আটটার দিকে তারা আবারও সংঘর্ষে জড়ায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়া হয়।

খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে আবারও সংঘর্ষ শুরু হয়। পাকদী এলাকায় হঠাৎ হামলা চালিয়ে ১৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। এতে অন্তত ৫ জন আহত হন। আহত ব্যক্তিরা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। তারা বেশ কয়েকটি বিস্ফোরণও ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন