[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুই সদস্যের ভিজিএফ বাছাই কমিটি, একজন বিএনপি নেতা ও অন্যজন তাঁর স্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি 

ঈদুল ফিতর সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভিজিএফের চাল বিতরণের জন্য ১২টি ইউনিয়নে দুই সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। প্রতি ইউনিয়নে ‘দুজন গণ্যমান্য ব্যক্তির’ সমন্বয়ে গঠিত এই কমিটিতে একজন পুরুষ ও একজন নারী সদস্য রেখেছে উপজেলা প্রশাসন। তবে অনুসন্ধানে দেখা গেছে, পুরুষ সদস্যরা স্থানীয় বিএনপি নেতা এবং নারী সদস্যরাও মূলত এসব বিএনপি নেতার স্ত্রী।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক গত ৫ মার্চ এসব কমিটির অনুমোদন দেন। ২০২৫-২৬ অর্থবছরে ভিজিএফ কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র ও দুস্থ পরিবারগুলোকে ১০ কেজি করে চাল দেওয়া হবে। চলতি মাসের ১৪-১৫ তারিখ থেকে এই চাল বিতরণের কথা রয়েছে।

তালিকা অনুযায়ী, বড়খাতা ইউনিয়নে পুরুষ সদস্য আবদুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি। নারী সদস্য রাভানা বেগমের স্বামী মোবাইদুর রহমান মিঠু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গড্ডিমারী ইউনিয়নে নারী সদস্য কামরুন্নাহার বেগমের স্বামী শফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। সিংগীমারী ইউনিয়নে পুরুষ সদস্য সাইফুল ইসলাম আলম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারী সদস্য হোসনে আরার স্বামী আবদুল মোতালেব ইউনিয়ন বিএনপির সদস্যসচিব।

একই চিত্র দেখা গেছে অন্য ইউনিয়নগুলোতেও। টংভাঙ্গা ইউনিয়নে নারী সদস্য নাছরিন ফারহানা সোহাগের স্বামী শাহ নুরনবী কাজল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। সিন্দুর্না ইউনিয়নে পুরুষ সদস্য সাইফুল ইসলাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব। পাটিকাপাড়া ইউনিয়নে পুরুষ সদস্য হিসেবে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম এবং নারী সদস্য শাপলা বেগমের স্বামীও স্থানীয় বিএনপি নেতা। ডাউয়াবাড়ি ইউনিয়নে পুরুষ সদস্য রবিউল ইসলাম ইউনিয়ন বিএনপির সদস্যসচিব এবং নারী সদস্য মাকতুবা ওয়াশিম বেলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ারুল কবির ওয়াশিমের স্ত্রী।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোশাররফ হোসেন কমিটিতে থাকা ব্যক্তিদের দলীয় পদের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক বলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানদের দেওয়া নাম থেকেই এই কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে অনেকের রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা জানতে পেরে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন তিনি। ইউএনও আরও জানান, তালিকায় থাকা ব্যক্তিদের নামে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে নাম পরিবর্তন করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন