পরীক্ষার ফরম পূরণে বাড়তি টাকা নেওয়ার অভিযোগে কলেজ ফটকে তালা
![]() |
| নাটোরে গুরুদাসপুর উপজেলার মোজাম্মেল হক কলেজে পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। রোববার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে একটি কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে।
ওই কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার ফরম পূরণের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত ফি-র চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে।
হাবিবুল বাশার ও আরাফাত আহমেদ নামের দুই পরীক্ষার্থী জানায়, একই বিষয়ের জন্য কারও কাছ থেকে বেশি আবার কারও কাছ থেকে কম টাকা নেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। এই ক্ষোভ থেকে তারা কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা বিক্ষোভ বন্ধ করে তালা খুলে দেয়।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ আবু সাঈদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিকেলে দেখা করতে বলেন এবং বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে ফোনের সংযোগ কেটে দেন।
গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

Comments
Comments