সোনামসজিদ স্থলবন্দরে তেল পাচার রোধে বিজিবির চেকপোস্ট
![]() |
| চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তেল মাপছেন একজন বিজিবি সদস্য | ছবি: পদ্মা ট্রিবিউন |
জ্বালানি তেল পাচার ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক মাপার উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্যাংকে থাকা তেলের পরিমাণ লিখে রাখার পরই ট্রাকগুলোকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।
শনিবার সকাল থেকে বন্দরের শূন্যরেখায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে এই কার্যক্রম শুরু করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকে কতটুকু তেল রয়েছে, তা প্রথমে মাপা হচ্ছে। এরপর সেই তথ্য লিখে রেখে ট্রাকগুলোকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। একই নিয়ম ফেরার সময়ও মানা হচ্ছে। পণ্য খালাস করে ভারতে ফিরে যাওয়ার আগে আবারও ট্রাকগুলোর তেলের ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। এতে বাংলাদেশে ঢোকার সময় এবং ফিরে যাওয়ার সময়—দুই বারই ট্রাকের জ্বালানির পরিমাণ যাচাই করা সম্ভব হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, দেশে জ্বালানি তেল পাচার রোধে এই বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। তেলের পরিমাণ যাচাইয়ের পাশাপাশি ট্রাকগুলোতে তল্লাশিও চালানো হচ্ছে। সীমান্তের অন্যান্য জায়গাতেও নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

Comments
Comments