[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আজ পবিত্র শবেকদর

প্রকাশঃ
অ+ অ-
প্রতীকী ছবি 

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত মহিমান্বিত। প্রতিবছর রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান।

শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। ‘শব’ মানে রাত আর ‘কদর’ মানে সম্মান বা ভাগ্য। তাই শবেকদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবেকদরের আরবি হলো লাইলাতুল কদর। ইসলাম ধর্ম অনুসারে, এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানুষের ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়।

হাদিস অনুযায়ী, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত শবেকদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি বলে আলেমদের মত। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতারা ও রুহ (জিবরাঈল আ.) নাজিল হন তাঁদের রবের অনুমতিতে সব নির্দেশ নিয়ে। শান্তিময় সেই রাত ফজরের উদয় পর্যন্ত।’ (সুরা কদর, আয়াত: ১-৫)।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারি, হাদিস: ২০১৪)। অন্য সময়ে এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও গুনাহ মাফ ও সওয়াব পাওয়ার আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে রাতটি কাটাবেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।’

পবিত্র শবেকদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন