[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অটোরিকশা ছিনতাই, পেছনে দৌড়াতে গিয়ে ট্রাকচাপায় মারা গেল কিশোর চালক

প্রকাশঃ
অ+ অ-
শান্ত কুমার সাহা | ছবি: পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া

যাত্রীবেশে অটোরিকশায় ওঠে দুই ছিনতাইকারী। এরপর অটোরিকশাটি নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে এগোচ্ছিল কিশোর চালক। তবে নির্জন একটি স্থানে পৌঁছানোর পর ছিনতাইকারীরা তাকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয়। এরপর তারা অটোরিকশাটি নিয়ে পালাতে থাকে। ডোবা থেকে উঠে নিজের অটোরিকশাটি বাঁচাতে পেছনে দৌড়াতে থাকে চালক। কিন্তু পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম শান্ত কুমার সাহা (১৫)। সে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের কানু কুমার সাহার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শান্ত কুমার সাহা ফেনী শহর থেকে বালিগাঁওয়ের যাত্রী আনা-নেওয়া করত। রাত আটটার দিকে যাত্রীবেশে ছিনতাইকারীরা তার অটোরিকশায় ওঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর স্টার লাইন পাম্পের সামনে গেলে তাকে ডোবায় ফেলে দেওয়া হয়। এরপর ছিনিয়ে নেওয়া অটোরিকশার পেছনে দৌড়ানোর সময় রামপুর এলাকায় একটি ট্রাক তাকে চাপা দেয়। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

শান্তর চাচা রিপন সাহা জানান, অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় তার বাবা বাড়িতে অটোরিকশাটি রেখে গিয়েছিলেন। এরপর শান্ত কিছু আয়ের আশায় সেটি নিয়ে বের হয়। ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন ও গাড়ি—দুটিই হারাল সে। তিনি আরও বলেন, যেখান থেকে যাত্রী তোলা হয়েছিল, সেখানকার সিসিটিভি ক্যামেরার ছবি দেখলে ছিনতাইকারীদের চেনা সম্ভব হবে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, কিশোরকে চাপা দেওয়া ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে সদর থানার পুলিশ কাজ করছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন