সুজন নেতা হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি
![]() |
| গাজীপুরে সুজন নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটির নেতারা। আজ শনিবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর নেতা কামরুজ্জামান মোল্লা হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুজন গাজীপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।
নিহত কামরুজ্জামান মোল্লা (৬৫) গাজীপুর নগরের ৫০ নম্বর ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং পেশায় একজন ঠিকাদার ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কামরুজ্জামান মোল্লা একজন সৎ, সজ্জন ও প্রগতিশীল চিন্তার মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নাগরিক সচেতনতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। এমন একজন সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের নেতার হত্যাকাণ্ড কেবল তাঁর পরিবারের জন্যই নয়, বরং পুরো সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন ও ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলায় মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা অবিলম্বে কামরুজ্জামান মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে এই ঘটনায় জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

Comments
Comments