হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াত জোটের ওয়াকআউট
![]() |
| বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান | ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়ে কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছেন জামায়াত জোটের সংসদ সদস্যরা।
বিকাল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যখন বক্তব্যের জন্য অধিবেশন কক্ষে প্রবেশের ঘোষণা পান, তখনই জামায়াত জোটের সংসদ সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। এ সময় তারা ‘জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না’ লেখা লাল কার্ড প্রদর্শন করেন।
প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি কক্ষে প্রবেশ করলে সংসদ নেতা ও সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। তবে বিরোধী দলের সদস্যদের একটি অংশ প্রতিবাদের অংশ হিসেবে নিজেদের আসনেই বসে থাকেন।
অধিবেশন কক্ষে বিউগলে জাতীয় সংগীত বাজতে শুরু করলে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদের কর্মকর্তারা সবাইকে দাঁড়িয়ে সম্মান জানানোর অনুরোধ করেন। তখন কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য বসেই ছিলেন। তবে এ সময় জামায়াত জোটের সদস্যদের প্রতিবাদ থামিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এরপর রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ করতে থাকেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ দেওয়া একটি বাধ্যবাধকতা। তিনি আরও বলেন, “আমরা সংবিধানের নিয়ম ও জাতীয় সংসদের ঐতিহ্য অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা কোনো খারাপ উদাহরণ তৈরি করবেন না।”
তবে স্পিকারের এই আহ্বানের মধ্যেই বিরোধী দলের সদস্যরা স্লোগান দিয়ে বেরিয়ে গেলে সংসদের প্রথম দিনেই উত্তেজনার সৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণের সূচি প্রকাশের পর থেকেই জামায়াত জোট এর বিরোধিতা করে আসছিল।

Comments
Comments