জামালপুরে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড
![]() |
| আদালত | প্রতীকী ছবি |
জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন—সদর উপজেলার পাকুল্লা এলাকার ফারুক হোসেন (৩০), মনসুর আলী (২৭) ও ফেরদৌস হোসেন (২২)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ জুলাই বিকেলে ওই গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে সদর উপজেলার রশিদপুর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে যান। সেখান থেকে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অভিযুক্ত তিনজন তাঁদের পথ আটকান। পরে তাঁরা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।
ঘটনার পরদিন ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় দেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি ফজলুল হক বলেন, মামলায় ভুক্তভোগী গৃহবধূসহ চারজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এতে অভিযোগটি প্রমাণিত হয়েছে। আদালত আসামিদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অন্য আরেকটি ধারায় মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন না।

Comments
Comments