রাষ্ট্রপতির প্রেস সচিব পদে ফিরলেন সরওয়ার আলম
![]() |
| মো. সরওয়ার আলম | ছবি: সংগৃহীত |
এক বছরের বেশি সময় পর আবারও প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। এই দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে। এর আগে অন্তর্বর্তী সরকার তাঁকে এই দায়িত্ব দেওয়ার কিছুদিন পরই সরিয়ে দিয়েছিল।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সরওয়ার আলমকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
সরওয়ার আলম তিন বছর আগে সচিব হিসেবে অবসরে যান। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার তাঁকে দুই বছরের জন্য রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছিল। তবে রহস্যজনকভাবে সেই নিয়োগ দ্রুতই বাতিল করা হয়।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে রাষ্ট্রপতির প্রেস দপ্তরে কেউ ছিলেন না। একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেই এই সংকটের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তাঁর প্রেস দপ্তরের সবাইকে বাদ দেওয়া হয়েছিল। ফলে পুরো দপ্তরটিই খালি হয়ে যায়।
ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমি তাঁদের সঙ্গে দেখা করি। সাধারণ একটি ফটোসেশনের ঘটনা পরদিন পত্রিকায় প্রকাশ হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তা স্বাভাবিকভাবে নেয়নি। বঙ্গভবনের প্রেস উইংয়ের কেউ এই কাজ করেছে—এমন সন্দেহে তারা অত্যন্ত নির্লজ্জভাবে প্রেস সচিব, উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব—এই তিন কর্মকর্তা পদ থেকে সরিয়ে দেয়।’
রাষ্ট্রপতি যে কমিটির কথা বলেছেন, সেটি ছিল ২০২৫ সালের ১৯ জানুয়ারি বঙ্গভবনে সাক্ষাৎ করতে যাওয়া ডিআরইউ-এর সাবেক কমিটি। ওই সময়ও রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্বে ছিলেন সরওয়ার আলম। বর্তমান সরকার তাঁকে আবারও এই গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনল।
বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার আলম অতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ও কলকাতার উপ-হাইকমিশনে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ফেনীতে জন্মগ্রহণকারী এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০২৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরি থেকে অবসরে যান।

Comments
Comments