জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই
![]() |
| সাংবাদিক সালিম সামাদ | ফাইল ছবি |
জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
সালিম সামাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ সুহৃদ, বিশিষ্ট কলাম লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘খুব অসুস্থ অবস্থায় সালিম সামাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমি তাঁকে গত শুক্রবার দেখতে গিয়েছিলাম। রোববার সকালেই তাঁর মৃত্যু হয়।’
রোববার বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হবে।
সালিম সামাদ তাঁর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ১৯৯০ সালে তিনি ‘অশোকা ফেলো’ নির্বাচিত হন। বিশ্বখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন ছাড়াও ভারতের ‘আউটলুক’ ও ‘ইন্ডিয়া টুডে’র মতো নামী সাময়িকীতে তিনি নিয়মিত লিখেছেন।
পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সালিম সামাদ অসংখ্য অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজ করেছেন। তিনি দেশ-বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ১৯৫২ সালের ১৩ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন।
২০০২ সালে সালিম সামাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন সরকার। ওই সময় তাঁকে গ্রেপ্তার করে দীর্ঘ সময় কারাগারে রাখা হয়। সালিম সামাদ সাম্প্রতিক সময়ে ঢাকা ট্রিবিউন, শুদ্ধস্বর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিভিউসহ বিভিন্ন গণমাধ্যমে কলাম লিখতেন।
বন্ধুর প্রয়াণে শোক প্রকাশ করে লেখক মহিউদ্দিন আহমদ তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, ‘কারও মৃত্যুসংবাদ শুনতে এবং শোনাতে ভালো লাগে না। অথচ মৃত্যুই জীবনের একমাত্র সত্য। শুক্রবার সকালে দেখতে গিয়েছিলাম। মনে হয়েছিল, শেষ সময়টুকু পার করছে। একটু আগে খবর পেলাম, সে আর নেই। সুহৃদ সালিম সামাদ আমাদের ছেড়ে চলে গেছে। তার মতো সাহসী সাংবাদিক আমার চোখে পড়েনি। তার আত্মার শান্তি হোক।’

Comments
Comments