বকেয়া বিল ও ছুটির টাকার দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের কর্মবিরতি
![]() |
| বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার | ছবি: পদ্মা ট্রিবিউন |
বকেয়া রাতের পাওনা (নাইট বিল) ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানার পোশাকশ্রমিকেরা। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত তিন মাসের বকেয়া রাতের পাওনা ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বিকেল ৫টার দিকে বাসায় চলে যান। বৃহস্পতিবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা-কাটাকাটি হয়।
কারখানার শ্রমিক সায়েদুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করি, অথচ ঠিকমতো পাওনা দেওয়া হয় না। রোজার মাসেও রাত ১১টা পর্যন্ত কাজ করতে হয়।’
রিপন নিট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, ‘তিন মাসের বকেয়া রাতের পাওনার মধ্যে এক মাসের টাকা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু শ্রমিকেরা তা মানছেন না। শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ওপর হামলা করেছেন। আমরা কোনোমতে জীবন নিয়ে বের হয়ে এসেছি।’
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিকপক্ষ আসছে, তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মহানগর (মেট্রোপলিটন) পুলিশও মোতায়েন করা হয়েছে।

Comments
Comments