[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কমিটিতে ‘যুবলীগ’, রাজশাহীতে যুবদলের ৪১টি কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মহানগরে ঘোষিত যুবদলের ৪১টি সাংগঠনিক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে | ছবি: পদ্মা ট্রিবিউন    

রাজশাহী মহানগরে যুবদলের সদ্য ঘোষিত ৪১টি সাংগঠনিক কমিটিতে ‘আওয়ামী লীগের লোকজন’ স্থান পেয়েছে অভিযোগ তুলে মানববন্ধন করেছে সংগঠনের একটি অংশ। তারা এই কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দ্রুত বাতিলের দাবি জানিয়েছে। আজ রোববার দুপুরে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে যুবদলের ৪১টি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। ৪১টি শাখার প্রতিটিতে আটজন করে সদস্য রাখা হয়েছে।

মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, ঘোষিত এই কমিটিগুলোর প্রতিটিতে ৩-৪ জন করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবমৈত্রীর নেতারা স্থান পেয়েছেন। এর ফলে যুবদলের ত্যাগী নেতারা পদবঞ্চিত হয়েছেন।

মানববন্ধনে মহানগর যুবদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নাজির হাসান বলেন, ‘পতিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এই পকেট কমিটি করা হয়েছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম ও সদস্যসচিব রফিকুল ইসলাম আমাদের না জানিয়েই এই কমিটি করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি আংশিক কমিটি, আরও অনেকে এখানে যুক্ত হওয়ার সুযোগ আছে। ত্যাগীরা পর্যায়ক্রমে ওয়ার্ড বা থানা কমিটিতে স্থান পাবেন।’ অন্য দলের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, ‘কারও সাথে ছবি থাকলেই সে আওয়ামী লীগ হয়ে যায় না। তবে যদি সত্যিই অন্য দলের কেউ কমিটিতে ঢুকে থাকে, তাদের বাদ দেওয়া হবে। যারা মানববন্ধন করেছেন, তারা আমাদের সাথে কোনো আলোচনা না করেই রাজপথে নেমেছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন