চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিয়েছেন জামায়াতের ৩০ কর্মী, জামায়াতের দাবি তারা আওয়ামী লীগের
![]() |
| চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থককে ফুলের মালা পরিয়ে বিএনপিতে বরণ করা হয়। মঙ্গলবার উপজেলার নাক কাটিতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘জামায়াতে ইসলামীর ৩০ জন’ কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাক কাটিতলা এলাকায় এক নির্বাচনী পথসভায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তবে এই নেতা-কর্মীদের ‘আওয়ামী লীগের’ বলে দাবি করেছে জামায়াত।
বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন ধাইনগর ইউনিয়নের আবদুস সালাম, আলাউদ্দিন, আরিফ ও লিয়াকত আলী।
ওই পথসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা। তিনি বলেন, ‘আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামীর ৩০ জন কর্মী-সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদান আমাদের কৃতিত্ব নয়। জামায়াতের নানা অবান্তর ও ইসলামবিরোধী কথাবার্তা এবং কর্মকাণ্ডের কারণেই তাঁরা বিএনপিতে এসেছেন। তাঁদের আমি অভিনন্দন জানাই।’
ধাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ কে আসগরের সভাপতিত্বে ওই নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ অনেকে। এ ছাড়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়ন শাখার সভাপতি (আমির) মোজতাহিদুল ইসলাম। এক প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে যে জামায়াতে ইসলামী থেকে কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মোজতাহিদুল ইসলামের দাবি, ‘আমাদের ইউনিয়নের কোনো নেতা-কর্মী বা সমর্থক বিএনপিতে যোগ দেননি। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

Comments
Comments