[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অন্য দলকে ভোট দিলে বাড়ি পোড়ানোর হুমকি বিএনপি নেতার, ভিডিও নিয়ে বিতর্ক

প্রকাশঃ
অ+ অ-
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর ভিডিও থেকে নেওয়া ছবি

‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। জসিম উদ্দিনের ট্রাক প্রতীকের সমর্থনে আয়োজিত একটি উঠান বৈঠকে এমন মন্তব্য করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তাঁর এই বক্তব্য নিয়ে এলাকায় ব্যাপক বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওর বক্তব্যের সত্যতা স্বীকার করেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে বিষয়টিকে তিনি ‘কথার কথা’ বলে দাবি করেছেন। প্রচারণার শেষ দিনে মধ্যরাতে এমন মন্তব্যের কারণ হিসেবে তিনি ‘ক্লান্তি ও অবসাদ’কে দায়ী করেছেন।

এ বিষয়ে মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী বলেন, ‘বিষয়টি ছিল মূলত কথার কথা। যখন ওই উঠান বৈঠক হয়, তখন রাত প্রায় দুইটা বাজে। আমি খুবই ক্লান্ত ছিলাম। সকাল ৯টায় বের হয়ে সারা দিন ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনী সভা করেছি। এমন সময়ে কর্মীদের উদ্দেশ্যে কথাটি বলেছি। এর বাইরে কিছু নয়। কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, প্রচারণার শেষ দিন সোমবার দিবাগত মধ্যরাতে দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে একটি উঠান বৈঠকে তিনি এই হুমকি দেন। এই আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করেছেন। গত ৪ ফেব্রুয়ারি গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার পর থেকেই তাঁর পক্ষে মাঠে কাজ করছেন প্রার্থিতা হারানো মঞ্জুরুল মুন্সী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মঞ্জুরুল আহসান মুন্সী একটি উঠান বৈঠকে হ্যান্ডমাইকে কথা বলছেন। সেখানে তিনি বলেন, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে তাদের ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতাছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি—এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। সুতরাং আমাকে যেন অপমানিত না হতে হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ আমি ওইভাবে নেব কিন্তু। ঠিক আছে না? আপনারা কি আমাকে অপমানিত হইতে দেবেন? তাইলে সবাই কিন্তু ১২ ফেব্রুয়ারিতে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। মঞ্জুরুল আহসান মুন্সীকে অপমানের হাত থেকে রক্ষা করবেন। তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন। গুনাইঘরবাসীকে সহায়তা করবেন।’

মঞ্জুরুল আহসান মুন্সী আরও বলেন, ‘দেবীদ্বারের মানুষ আমাকে ভালোবাসে। এখন পর্যন্ত আমাকে চারবার সংসদ সদস্য (এমপি) বানিয়েছে তারা। এবারও জনগণ আমাকে চেয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাকে নির্বাচন থেকে ষড়যন্ত্র করে দূরে রাখা হয়েছে। আমি ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামায় দেবীদ্বারের ভোটের পরিবেশ পাল্টে গেছে। মানুষ ট্রাক মার্কাকে ধানের শীষ মনে করছে। চারদিকে এখন ট্রাকের গণজোয়ার। মানুষ আমার জন্য যেভাবে কাজ করত, একইভাবে ট্রাকের জন্য কাজ করছে। ইনশা আল্লাহ এই আসনে ট্রাক বিপুল ভোটে জয়ী হবে।’

বক্তব্যের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘উনার এমন মন্তব্যে আমরাও বিব্রত। তবে এই বক্তব্য একান্তই মঞ্জুরুল আহসান মুন্সীর ব্যক্তিগত। এটির দায়ভার দল বহন করবে না। তাঁর এই মন্তব্য দলীয় কোনো বক্তব্য নয়।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন সাবেক চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ হলেও পরে ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেন হাসনাত আবদুল্লাহ। এতে শুনানিতে প্রার্থিতা হারান মুন্সী। এরপর হাইকোর্টে রিট এবং সর্বশেষ আপিল বিভাগেও ১ ফেব্রুয়ারি তাঁর আবেদন খারিজ হয়ে যায়। এর ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না। বিএনপির বিজয়ের সম্ভাবনাময় আসনটি হাতছাড়া হওয়ায় ভোটের মাঠে অনেকটাই নির্ভার ছিলেন হাসনাত আবদুল্লাহ। কারণ, তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মতো বড় কোনো প্রার্থী ছিল না। এমন পরিস্থিতিতে জোটের স্বার্থে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানায় বিএনপি। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন