ফরিদপুরে চাঁদা না পেয়ে বাস কাউন্টার ব্যবস্থাপককে পিটিয়ে জখম
![]() |
| হাসপাতালে আহত নাজির বিশ্বাস। মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফরিদপুরে দাবি করা চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টার ব্যবস্থাপকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। লোহার রডের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। আহত নাজির বিশ্বাস (৪৫) নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাজির বিশ্বাস জানান, তিনি তিন বছর ধরে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। প্রতিদিন সেখান থেকে দূরপাল্লার ১২টি গাড়ি ছেড়ে যায়। নাজিরের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর কাছে ১২টি ট্রিপের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা দাবি করে আসছিল। দেড় মাস ধরে কিছু যুবক এসে প্রতিটি ট্রিপে ৮টি করে আসন (সিট) এবং প্রতি আসনের জন্য ১০০ টাকা করে দাবি করে। তিনি তা দিতে রাজি হননি।
নাজির বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার সকালে পাঁচজন এসে বলে, আমাদের প্রতি গাড়িতে আটটি করে আসন দিতে হবে না, একবারে দুই লাখ টাকা দিতে হবে। আমি এই প্রস্তাব ফিরিয়ে দিলে তারা গালিগালাজ করে চলে যায়। এর ১০ থেকে ১৫ মিনিট পর তারা ফিরে এসে আমার ওপর হঠাৎ হামলা চালায়। আমাকে লোহার রড দিয়ে পেটাতে থাকে। রডের আঘাতে আমার মাথা ফেটে যায়। একজন রামদা দিয়ে কোপ দিতে এলে হাত দিয়ে কোনোভাবে ঠেকিয়ে দিই। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।’ এ সময় তিনি তিনজনকে চিনতে পেরেছেন বলে জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘এই বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Comments