পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির
![]() |
| পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির | ছবি: এপিবিএনের কাছ থেকে পাওয়া |
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে আইজিপি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলী হোসেন ফকির ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি বাগেরহাটে। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। বাহারুল আলমকে ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। চুক্তির মেয়াদ আরও প্রায় ৯ মাস বাকি থাকতেই নতুন আইজিপি নিয়োগ দেওয়া হলো।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আলী হোসেন ফকির ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগ দেন। কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট এবং খুলনা, ঢাকা ও সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন। তিনি কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন।
আইভরি কোস্ট থেকে ফেরার পর ২০১৩ সালের জানুয়ারিতে তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। এরপর দীর্ঘ সময় তাঁকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা পদোন্নতি দেওয়া হয়নি। ২০২২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দেড় দশকে পদবঞ্চিত অনেক কর্মকর্তাকে পুলিশে ফিরিয়ে আনা হয়। আলী হোসেন ফকিরও পুলিশ সুপার হিসেবে পুনরায় যোগ দেন এবং পরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি পুলিশ সদর দপ্তর ও বিশেষ সুরক্ষা ব্যাটালিয়নে (এসপিবিএন) দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএনে কর্মরত ছিলেন।
আলী হোসেন ফকির ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট সদর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে আলী হোসেন ফকিরের স্ত্রী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Comments
Comments