রাজনৈতিক ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন: স্বরাষ্ট্রমন্ত্রী
| স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
বিগত সরকারের ১৭ বছরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় (এসএমএস) এ তথ্য জানানো হয়েছে।
খুদে বার্তায় আরও বলা হয়, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য এগুলো ব্যবহার করা হয়েছিল।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
Comments
Comments