তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন, অংশীদারত্ব জোরদারে আগ্রহ
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার | ফাইল ছবি |
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং সাধারণ অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার কিয়ার স্টারমারের শুভেচ্ছাবার্তা সম্বলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে।
চিঠিতে কিয়ার স্টারমার লিখেছেন, ‘আমি বাংলাদেশের নির্বাচনে আপনার বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব গ্রহণ নিশ্চিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানাতে লিখছি।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্বে আমাদের সহযোগিতা আরও বাড়বে, যা আমাদের অভিন্ন মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।’
স্টারমার লিখেছেন, ‘আমি আমাদের অংশীদারত্ব জোরালো করতে এবং অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা করছি। বাংলাদেশে অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে আমরা আমাদের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়ানোর প্রত্যাশা করি।’
চিঠিতে কিয়ার স্টারমার বলেন, ‘আমি অবৈধ অভিবাসন ঠেকানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আমাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য সহযোগিতার সুযোগকে স্বাগত জানাই।’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের উদারভাবে আশ্রয় দেওয়ায় যুক্তরাজ্যও আপনাদের পাশে থেকে সমর্থন দিয়ে যাবে। আমি আমাদের দুই দেশের অংশীদারত্বের এই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।’

Comments
Comments