[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলাকে যদি ধারণ করতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: পদ্মা ট্রিবিউন   

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) বলেছেন, ‘বাংলা ভাষা সম্পর্কে আমরা নিজেরা যদি সচেতন হতাম, তাহলে বর্তমান প্রজন্মের তরুণেরা (জেন-জি) ‘ইনকিলাব’ বলত না। তারা যখন ইনকিলাব বলে, তখন আমার রক্তক্ষরণ হয়। এটার জন্যই কি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম? সমাজ পরিবর্তনের জন্য জীবন দিতে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি সমাজ উল্টো দিকে হাঁটছে।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘বাংলাকে যদি ধারণ করতে হয় এবং বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে “ইনকিলাব জিন্দাবাদ” চলবে না। ইনকিলাব, ইনকিলাব মঞ্চ ও আজাদির মতো এখন নতুন নতুন শব্দ শুনছি। ইনকিলাব জিন্দাবাদ বা ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো তাদের ভাষা। সুতরাং দেশকে ভালোবেসে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। এসব কথা বলায় অনেকেই আমাকে ভারতের দালাল বা গোয়েন্দা সংস্থার (র) প্রতিনিধি বানিয়ে ফেলবেন। তারপরও আমি সত্য বলব; কারণ, এই সত্য বলার জন্যই আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম।’

মাতৃভাষার ইতিহাসের ওপর গুরুত্ব দিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘বাংলা ভাষা ও এর ইতিহাস নিয়ে আমরা যত্নবান নই। যে জাতি নিজের ইতিহাস জানে না, তারা কোনো দিনও উন্নতি করতে পারে না। আমরা নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা করিনি বলেই আমাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে ওঠে না।’

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অন্যরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন