কেরানীগঞ্জের পোশাকপল্লিতে চুরি-ছিনতাই বৃদ্ধি, নিরাপত্তার দাবি ব্যবসায়ীদের
![]() |
| ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর শহীদ দেলোয়ার হোসেন সড়ক এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
তৈরি পোশাকের পাইকারি বাজার ঢাকার কেরানীগঞ্জের পোশাকপল্লিতে চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় জানমালের নিরাপত্তা দাবি করেছেন ব্যবসায়ীরা। বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব আগানগর এলাকায় শহীদ দেলোয়ার হোসেন সড়কে কেরানীগঞ্জ পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এই পোশাকপল্লিতে ছোট-বড় তিন শতাধিক বিপণিবিতান রয়েছে। এসব মার্কেটে ১০ হাজার প্রদর্শনী কেন্দ্র (শোরুম) ও প্রায় ৫ হাজার কারখানা রয়েছে। এখানে প্রায় পাঁচ লাখ নারী ও পুরুষ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কেরানীগঞ্জের অর্থনীতি মূলত এই শিল্পের ওপরই দাঁড়িয়ে আছে।’
পবিত্র রমজান মাস ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় মৌসুম উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, ‘এই মাসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার পাইকারি ক্রেতা মালামাল কেনার জন্য টাকা নিয়ে বুড়িগঙ্গা নদী পার হয়ে এখানে আসেন। কিন্তু আসার পথে বা ফেরার সময় পোশাকপল্লি ও বুড়িগঙ্গা নদী এলাকায় তাঁরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হন। এছাড়া এখানে কর্মরত শ্রমিকেরাও রাতে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়ছেন। বিশেষ করে গভীর রাত ও ভোরে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি। এই অবস্থায় পাইকারি ক্রেতারা এখানে আসতে ভয় পাচ্ছেন। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।’
আনোয়ার হোসেন আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে পোশাকপল্লি এলাকা ও বুড়িগঙ্গা নদীতে চলাচলকারী ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা জরুরি। আমরা আশা করি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ পোশাক ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কানন শিকদার, কোষাধ্যক্ষ পাভেল মোল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, পোশাকপল্লি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহল জোরদার করা হয়েছে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে নিরাপত্তা সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments