বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো: ভোট দিয়ে মির্জা ফখরুল
![]() |
| ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ এবং রাজনীতি কোন দিকে যাবে। আজ বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।
সকাল সাড়ে সাতটার পর মির্জা ফখরুল কেন্দ্রের প্রাঙ্গণে পৌঁছান। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করে ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে শামারুহ মির্জা ও মির্জা সাফারুহ, ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ভোটের পর মির্জা ফখরুল বলেন, ১৫ বছর পর ফ্যাসিস্ট শাসনের অবসানের পর আল্লাহর রহমতে আমরা জাতীয় সংসদ নির্বাচন পেলাম। আজকের দিনটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ ও রাজনীতির দিক। আমরা আশা করি, এই পথ আগামীতে দেশের মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও ত্যাগের পর আজকের দিন এসেছে। দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের পর আমরা এ জায়গায় পৌঁছেছি। লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন, গুম ও হত্যার শিকার হয়েছেন। চব্বিশের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র, জনতা, কৃষক ও শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই আত্মত্যাগের পর আজকের নির্বাচন হচ্ছে। আমরা আশা করি, এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। বাংলাদেশের জন্য এটি নতুন অধ্যায় শুরু করবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোটার আছেন ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এই আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম।

Comments
Comments