[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় ১৮ মাস পর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

প্রকাশঃ
অ+ অ-
পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী | ছবি: পদ্মা ট্রিবিউন    

পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির একদল নেতা-কর্মী। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমামের নেতৃত্বে নেতা-কর্মীরা একটি লাঠিতে জাতীয় পতাকা বাঁধছেন এবং তা উত্তোলন করছেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’—এমন নানা স্লোগান দেন।

সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন— উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে দলের অধিকাংশ নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। সেই থেকে জেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং দলীয় সব ধরনের কর্মকাণ্ডও বন্ধ হয়ে যায়। সরকার পতনের পরপরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে দল আবার ঘুরে দাঁড়াতে চাইছে, আবার অনেকের মতে বর্তমান পরিস্থিতিতে (দলের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায়) এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন