নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে: নাহিদ ইসলাম
![]() |
| সংবাদ সম্মেলনে কথা বলছেন নাহিদ ইসলাম | ছবি: পদ্মা ট্রিবিউন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি মন্তব্য করেন, কারচুপির কারণে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার কথা চিন্তা করে তাঁরা এটি মেনে নিয়েছেন।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সদস্যসচিব মনিরা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা চাই জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ কার্যকর হোক। সংবিধান সংস্কার করা না হলে বাংলাদেশ আগের মতোই থেকে যাবে। শুধু শেখ হাসিনার তৈরি কাঠামোতে ভিন্ন কিছু মানুষ দেশ চালাবে। এই পরিবর্তন আমরা চাই না।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে দলটি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে দূরে রয়েছে। এটি জনগণের রায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা।
বর্তমান মন্ত্রিসভা নিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, এই মন্ত্রিসভার মাধ্যমে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ হবে না। এটি তাঁর কাছে পুরোনো ব্যবস্থারই ধারাবাহিকতা বলে মনে হয়েছে। তিনি অভিযোগ করেন, মন্ত্রিসভায় আঞ্চলিক, ধর্মীয় বা জাতিগত ভারসাম্য রাখা হয়নি এবং নারী প্রতিনিধিত্বও অত্যন্ত সীমিত। অনেক জেলা থেকে কোনো প্রতিনিধি রাখা হয়নি।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে—একই ব্যক্তি একই দিনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু বিএনপি সেই প্রক্রিয়া থেকে বিরত থেকেছে, যা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করার শামিল। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, মন্ত্রিসভার অনেকের বিরুদ্ধে ঋণখেলাপি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের অনেক সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীকে এখানে দেখা যাচ্ছে। এমনকি একজন আবাসন ব্যবসায়ী ও খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকেও মন্ত্রী করা হয়েছে। তাই এই মন্ত্রিসভা থেকে দেশের জন্য ভালো কিছু আশা করা কঠিন।
দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর অবস্থানের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এই পদক্ষেপ আগে নিজের ঘর অর্থাৎ মন্ত্রিসভা থেকেই শুরু করা উচিত।

Comments
Comments