[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে আগুন

প্রকাশঃ
অ+ অ-
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন। বুধবার দুপুরে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী। বুধবার দুপুরে শহরের টাউন হল সড়ক এলাকায় কার্যালয়টির সামনে এই ঘটনা ঘটে। তবে এর কিছুক্ষণ পরই কার্যালয়টির মূল ফটকে আগুন ধরিয়ে দেয় একদল তরুণ ও যুবক। ওই সময় দলটির কোনো নেতা-কর্মী সেখানে ছিলেন না।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সদর ও পৌর আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী হঠাৎ জড়ো হন। তাঁরা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। প্রায় ১০ মিনিট পর তাঁরা সেখান থেকে চলে যান।

পতাকা উত্তোলনের সময় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, সব ষড়যন্ত্র ও বাধা মোকাবিলা করে আওয়ামী লীগ আগের মতোই ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

এদিকে বেলা দুইটার দিকে একদল তরুণ ও যুবক জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মূল ফটকে আগুন ধরিয়ে দেয়। এতে বড় ধরনের ক্ষতি না হলেও দীর্ঘ সময় ধরে পড়ে থাকা পরিত্যক্ত কার্যালয়ে আগুন দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, তাঁরা চলে আসার পর শুনতে পান যে কে বা কারা অফিসে আগুন দিয়েছে। পরে সেই আগুন নিজে থেকেই নিভে যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে আন্দোলনের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়টিতে কয়েক দফা আগুন দিয়েছিল। এরপর থেকেই ভবনটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন