কুয়াকাটায় স্বেচ্ছাসেবক দল কর্মীদের বিরুদ্ধে দোকানে হামলা-লুটপাটের অভিযোগ
![]() |
| ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় | ছবি: ভিডিও থেকে নেওয়া |
পটুয়াখালীর কুয়াকাটায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। দোকানমালিকের দাবি, হামলার সময় ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ‘তানিসা আচার ঘর’ নামের ওই দোকানের মালিক মনিরুল হাওলাদার মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে কুয়াকাটার হুইসেন পাড়া এলাকার মাকসুদ আকন, শাহীন মুসল্লী, আবদুর রহিমসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
দোকানমালিক মনিরুল হাওলাদার বলেন, চাঁদার দাবিতে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে হঠাৎ দোকানে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় দোকানের কর্মচারী হাসানকে মারধর করা হয়। একপর্যায়ে মাকসুদ আকন নামের একজন দোকানে ঢুকে গালিগালাজ করেন এবং ক্যাশবাক্স থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেন। বিষয়টি সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানানো হয়। খবর পেয়ে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে মাকসুদ আকনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দলের কর্মী-সমর্থক হলেও দলে তাঁদের কোনো পদ নেই। ওই দোকানের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তারপরও কারও দোকানে হামলা বা ভাঙচুর করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব এবং দলের নেতাদের জানাব। কোনো অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments