[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অধ্যক্ষসহ শিক্ষকেরা বিএনপি কার্যালয়ে, নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা

প্রকাশঃ
অ+ অ-
মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষসহ শিক্ষকেরা। রোববার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. কামরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহারসহ কলেজের কয়েকজন শিক্ষক। রোববার বেলা দুইটার দিকে মুন্সিগঞ্জ শহরের জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে ওই শিক্ষকেরা শুভেচ্ছা বিনিময় করেন। বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা চলছে।

অধ্যক্ষের সঙ্গে থাকা শিক্ষকেরা হলেন কলেজের অধ্যাপক আবু আহসান কবীর, সহযোগী অধ্যাপক জাকির হোসাইন, সহকারী অধ্যাপক মামুন রশীদ, শরীরচর্চাবিষয়ক শিক্ষক মোহাম্মাদ ইব্রাহিম ও গ্রন্থাগারিক শাহ মোয়াজ্জেম। তাঁদের মধ্যে মামুন রশীদ, মোহাম্মাদ ইব্রাহিম ও শাহ মোয়াজ্জেম শহরের তিনটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

বিকেলের দিকে শিক্ষকদের ফুল দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোহাম্মদ মাসুদ খানও তাঁর ফেসবুক পেজে ফুলেল শুভেচ্ছার ছবিসংবলিত একটি পোস্ট দেন।

পোস্টে মাসুদ খান লেখেন, 'মুন্সিগঞ্জ-৩ আসনের জনাব কামরুজ্জামান নবনির্বাচিত এমপির জন্য ফুল নিয়ে বিএনপি পার্টি অফিসে ছুটে গেলেন হরগঙ্গার প্রিন্সিপালসহ শিক্ষকেরা। এ সময় ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দেন তাঁরা। রাজনৈতিক কার্যালয়ে গিয়ে জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানান।'

এদিকে সরকারি চাকরিজীবী হয়েও কলেজের অধ্যক্ষের রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দেওয়ার বিষয় নিয়ে সমালোচনা চলছে।

অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক বলেন, কোনো রাজনৈতিক দলের এমপিকে শুভেচ্ছা জানানোর জন্য সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দলীয় কার্যালয়ে যাওয়া ঠিক নয়। এটি সরকারি প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার নীতির সঙ্গে মেলে না।

এ ব্যাপারে জানতে চাইলে সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার বলেন, 'আমি কলেজের কিছু সমস্যা, বিশেষ করে ছাত্রদলের কিছু কাজকর্ম আগে কলেজে সমস্যা তৈরি করেছিল, এখনো তারা আবার সমস্যা তৈরি করছে। এসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সংসদ সদস্য আমাকে দলীয় কার্যালয়ে যেতে বলেছিলেন, তাই গিয়েছিলাম। প্রথম দিন, তাই ফুল নিয়ে গিয়েছিলাম। কোনো তোষামোদ করতে যাইনি।'

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন