আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি: সালাহউদ্দিন আহমদ
| বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
কক্সবাজার-১ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি।'
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার আগে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না—দলের এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজার-১ আসনের এই সংসদ সদস্য বলেন, 'আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো অন্তর্ভুক্ত করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে অন্তর্ভুক্ত করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা নির্ধারণ করতে হবে।'
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, '…সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। সে কারণে আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত এসেছি। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব।'
গণভোটে 'হ্যাঁ' জয়ী হওয়ায় এখন জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সে অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা। কিন্তু শপথের আগেই বিএনপি জানিয়ে দিল, দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
Comments
Comments