কক্সবাজারের আইনজীবীপাড়ায় উঠেছে শেখ মুজিবের ছবি
![]() |
| কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের একটি ব্যক্তিগত চেম্বারে শেখ মুজিবুর রহমানের ছবি পুনরায় টাঙানো হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ধারাবাহিকতায় এবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের একটি ব্যক্তিগত চেম্বারেও তাঁর ছবি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার তিন আইনজীবীর একটি যৌথ চেম্বারে পুনরায় এই ছবি লাগানো হয়।
ওই চেম্বারে আইন পেশায় নিয়োজিত আছেন তিন আইনজীবী—মোহাম্মদ জুলকারনাইন জিল্লু, মোহাম্মদ ফয়সাল ও নূরুল ইসলাম নাহিদ। ছবি স্থাপনের সময় আওয়ামী লীগ পন্থী আরও বেশ কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত হয়ে স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে আইনজীবী মোহাম্মদ জুলকারনাইন জিল্লু জানান, কয়েক বছর আগে তিন সহপাঠী মিলে এই চেম্বারটি চালু করার সময় থেকেই সেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল। এমনকি ছবিটি রাখার জন্য তাঁরা স্থায়ী ফ্রেমও তৈরি করে রেখেছিলেন। তবে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে বিশৃঙ্খলার আশঙ্কায় তাঁরা নিজেরাই ছবিটি সরিয়ে ফেলেছিলেন।
আইনজীবী জুলকারনাইন আরও জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁরা আবারও সসম্মানে ছবিটি নিজেদের কর্মস্থলে স্থাপন করেছেন। ছবি টাঙানোর পর থেকে এখন পর্যন্ত তাঁরা কোনো পক্ষ থেকে কোনো ধরনের হুমকি বা বাধার মুখে পড়েননি বলে নিশ্চিত করেছেন।

Comments
Comments